দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে বাহিনীটিকে সমর্থন বা সহায়তা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে নতুন আইন আনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
সোমবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ ঘোষণা দেন। তবে আইনটি কার্যকর হতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।
প্রস্তাবিত আইনে আইআরজিসিকে সমর্থন বা সহায়তা করলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। আর আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তি, নাশকতা বা অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
একই আইনের আওতায় ইসলামিক মুভমেন্ট অব কম্প্যানিয়নস অব দ্য রাইট (IMCR) এবং রাশিয়ার জিআরইউ ভলান্টিয়ার কর্পস-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটিশ সরকারের দাবি, যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে ইহুদি সম্প্রদায়ের ওপর কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএমসিআর।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “যুক্তরাজ্যকে কোনো বিদেশি রাষ্ট্রের ভয়, বিভাজন ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্র হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “ইরানি শাসনব্যবস্থা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে আমরা আগেই কঠোর ব্যবস্থা নিয়েছি। একইভাবে রাশিয়ার অপারেটিভ ও নেটওয়ার্কগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই ক্ষমতার ফলে যুক্তরাজ্যে তাদের হয়ে কাজ করা ব্যক্তিদের বিচার ও কারাগারে পাঠানো আরও সহজ হবে।”
সূত্র: সিএনএন
এমএস/